পদত্যাগের পর শূন্য ঘোষণা মিষ্টির সংরক্ষিত নারী আসন | ছবি: সংগৃহীত
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্পিকার পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং এর সঙ্গে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ একই তারিখে শূন্য হয়েছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে এবং পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। মিষ্টির পদত্যাগের আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত চলমান থাকার কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান। পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসন-২৩ এখন আনুষ্ঠানিকভাবে শূন্য। পরবর্তী প্রক্রিয়ায় আসনটি পূরণের বিষয়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনগত কার্যক্রম এগিয়ে যাবে।