পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক | ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জহরত আদিব চৌধুরী। বৈঠকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা চালু এবং নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব দুটিতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি জানিয়েছেন। এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিটি। সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। বিষয়টি পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। পাশাপাশি গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রণালয়ের কার্যক্রম আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে কমিটির সদস্যরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।