পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন জিএমপি কমিশনার | ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনুদ্ঘাটিত মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার। সকাল ১১টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মো. ইসরাইল হাওলাদার। সভায় তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। এসব আবেদন বিবেচনা করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়ে পুলিশ কমিশনার বলেন, সদস্যদের কল্যাণের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। এ সময় অবসরজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুর ১২টায় পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান কমিশনার। সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন করে দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। মহানগরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া পেশাদারত্ব ও কর্মদক্ষতায় সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পুলিশ কমিশনার। সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপপুলিশ কমিশনাররা এবং জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।