প্রকাশ: ... | ... | ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চায়ের আড্ডায় বিরোধীদলীয় নেতা


সংযুক্ত ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে চায়ের আড্ডায় বিরোধীদলীয় নেতা | ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে তাতে সাড়া দিয়ে তাঁর কার্যালয়ে যান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই একান্ত বৈঠকে তাঁরা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করার বিষয়ে তাঁরা একমত হন। এ সময় জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা আলোচনার ভিত্তিতে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন দুই দলের সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতির দিকে। এটি কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে—তা জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের জন্য।