প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু একনেক বৈঠক, আলোচনায় ১২ প্রকল্প | ছবি: Collected
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের বৈঠক। সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতের প্রকল্প রয়েছে আলোচ্যসূচিতে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে শুরু হয় একনেকের এ বৈঠক। সভায় মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি ও বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প। শিক্ষা খাতে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প। স্বাস্থ্য খাতে রয়েছে আটটি বিভাগীয় শহরে ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং বিভিন্ন জেলায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং সড়ক যোগাযোগ উন্নয়ন নিয়েও রয়েছে একাধিক প্রস্তাব। বিশেষ করে সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির যৌক্তিকতা পর্যালোচনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। সব মিলিয়ে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এবারের একনেক বৈঠকে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা। বৈঠক শেষে প্রকল্পগুলোর অনুমোদন ও সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।