প্রকাশ: ... | ... | ...

প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী নুর


সংযুক্ত ছবি

প্রশাসনকে টপ টু বটম জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী নুর | ছবি: সংগৃহীত

প্রশাসনকে ওপর থেকে নিচ পর্যন্ত জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, উপজেলা থেকে জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর কিংবা হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ অনেক সময় সঠিক দিকনির্দেশনা না পেয়ে চরম ভোগান্তি ও মানসিক যন্ত্রণার শিকার হন। এখনো দেশের প্রশাসনকে পুরোপুরি জনবান্ধব করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অফিস-আদালতে মানুষ যেন সহজে কাঙ্ক্ষিত সেবা পান, সে জন্য প্রশাসনকে আরও সেবামুখী হতে হবে। প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নুরুল হক নুর বলেন, পাসপোর্ট তৈরিতে দালালচক্রের দৌরাত্ম্য, ভিসা নিয়ে প্রতারণা এবং বিমানবন্দরে হয়রানি বন্ধে বড় কোনো বাজেটের প্রয়োজন নেই; প্রয়োজন সদিচ্ছার। তিনি জানান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে শিগগিরই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এই কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার সুবিধা পাবেন। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল ও বেতন গ্রেড উন্নীত করার দাবির যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাজারদর ও সামাজিক মর্যাদা বিবেচনায় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা হওয়া উচিত। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিদের বেতন-ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করা জরুরি। বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুল হক নুর।