বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাতে নৌপ্রধান | ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী নৌপ্রধান। এ সময় অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন এবং চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বিদায়ী নৌপ্রধানের নেতৃত্বে শুরু হওয়া উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার, ২৩ জুলাই অ্যাডমিরাল এম নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এরপর শেষ হবে তার দায়িত্বকাল।