বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের | ছবি: সংগৃহীত
বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। এ লক্ষ্য অর্জনে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বুধবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুবাইদা রহমান বলেন, গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সের উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। তিনি জানান, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে সরকার কাজ করছে। বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ভাগাড় থেকে গ্যাস আহরণ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি প্লাস্টিক দূষণ কমাতে জলাশয় পরিষ্কার এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় সম্মেলনের গ্রিন জোনে থাকা বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান। জুবাইদা রহমান আরও বলেন, শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জনে শুধু একটি দেশের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ। একই সঙ্গে বর্জ্যকর্মীদের সুরক্ষা ও তরুণদের পরিবেশ সুরক্ষার উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বর্জ্যকে ফেলে দেওয়ার বস্তু হিসেবে না দেখে সম্পদ, শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।