প্রকাশ: ... | ... | ...

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে উচ্চপর্যায়ের বৈঠক


সংযুক্ত ছবি

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে উচ্চপর্যায়ের বৈঠক | ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্ধ শিল্পকারখানাগুলো দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী ২০২৬ সালের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দেন। বৈঠকে আরও বলা হয়, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।