প্রকাশ: ... | ... | ...

বৃষ্টি-বন্যার প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন, চাপে নিম্ন ও মধ্যবিত্ত


সংযুক্ত ছবি

বৃষ্টি-বন্যার প্রভাবে নিত্যপণ্যের বাজারে আগুন, চাপে নিম্ন ও মধ্যবিত্ত | ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সবজি, মাছ, মুরগি, ডিমসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১০০ টাকার নিচে সবজি পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা কেজি, করলা ১২০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা, শসা ও গাজর ১০০ থেকে ১৪০ টাকা এবং টমেটো ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। অন্যদিকে কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এক মাস আগে ১০০ থেকে ১২০ টাকা কেজির মরিচ এখন বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকা দরে। কয়েক দিনের ব্যবধানে পেঁয়াজের দামও বেড়ে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে উঠেছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে কৃষকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির সরবরাহ কমেছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। শুধু সবজি নয়, বেড়েছে ডিম, মুরগি ও মাছের দামও। ফার্মের ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি দরে। মাছের বাজারেও একই চিত্র। রুই, তেলাপিয়া, পাঙাশসহ বিভিন্ন মাছের দাম বেড়েছে। ভোক্তারা বলছেন, প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে, ফলে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, বন্যার প্রভাবের পাশাপাশি একশ্রেণির ব্যবসায়ীর অসাধু তৎপরতাও দাম বৃদ্ধির অন্যতম কারণ। তবে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন সবজি বাজারে এলে দাম কিছুটা কমতে পারে। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হতে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখা ও কার্যকর তদারকির ওপরই নির্ভর করছে।