প্রকাশ: ... | ... | ...

বৈশ্বিক সুযোগ কাজে লাগাতে সতর্ক বাংলাদেশ: শামা ওবায়েদ


সংযুক্ত ছবি

বৈশ্বিক সুযোগ কাজে লাগাতে সতর্ক বাংলাদেশ: শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত

জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ভারসাম্য বজায় রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করছে। এ নীতির মূল লক্ষ্য দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে সৃষ্ট নতুন সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় রয়েছে। পাশাপাশি গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি রয়েছে। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক পরিসরে সোচ্চার রয়েছে বাংলাদেশ। তিনি বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে।