প্রকাশ: ... | ... | ...

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা


সংযুক্ত ছবি

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা | ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ অতীতের সব উদ্বেগকে ছাড়িয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। যা ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রেও খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বাড়ার প্রবণতা দেখা গেছে। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এদিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে সংসদে প্রশ্ন উঠেছে। বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়ার যোগ্যতা ও প্রক্রিয়া জানতে চান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই ব্যাংকগুলোর শীর্ষ পদে নিয়োগ দেওয়া হচ্ছে। সংসদে উঠে এসেছে বিমা খাতের অনিয়মের বিষয়টিও। দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানির কাছে প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি আটকে থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমস্যাগ্রস্ত আটটি বিমা কোম্পানির ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি ৬ লাখ ৩৫ হাজার ৯৫৫ টাকার বিমা দাবি পরিশোধ করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসন ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরিতে তিন পর্যায়ে মোট তিন হাজার কোটি টাকা প্রাক্‌-অর্থায়ন ঋণ দেওয়া হয়েছে। আর চলতি অর্থবছরে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৪০০ কোটি টাকা। তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অভিযোগও সংসদে তোলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। চীনা কোম্পানিকে কাজ দেওয়ার সিদ্ধান্তে প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের আশঙ্কা এবং টার্মিনালের মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে এ বিষয়ে অর্থমন্ত্রী সরাসরি কোনো জবাব দেননি। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গত দেড় দশকের প্রকল্প ও কার্যক্রম পর্যালোচনায় প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে ৬১ কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল, ১৭ জনের স্বেচ্ছায় পদত্যাগ, দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবায় প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন যাচাই, গ্রাহক সচেতনতা এবং ভুয়া ওয়েবসাইট ও ফিশিং লিংক বন্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে দ্রুত আইন প্রণয়নের কথাও জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী।