প্রকাশ: ... | ... | ...

মা ইলিশ রক্ষায় ১১১ এমপিকে মন্ত্রীর চিঠি


সংযুক্ত ছবি

মা ইলিশ রক্ষায় ১১১ এমপিকে মন্ত্রীর চিঠি | ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও লেটার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। ইলিশের প্রজনন সুরক্ষা, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ১৮ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এসব ডিও লেটার পাঠানো হয়। চিঠিতে মন্ত্রী বলেন, জাতীয় মৎস্যসম্পদ ও ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য ইলিশ বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টিনিরাপত্তা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। মন্ত্রী জানান, অভিযান চলাকালে নির্ধারিত এলাকায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ও আইনত নিষিদ্ধ। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে এ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিও লেটারে তিনি আরও উল্লেখ করেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় কর্মসূচির সফলতা শুধু আইন প্রয়োগকারী সংস্থা কিংবা মৎস্য অধিদপ্তরের ওপর নির্ভর করে না। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক নেতা-কর্মী এবং সামাজিকভাবে পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, অভিযান বাস্তবায়নে সহযোগিতা এবং অবৈধভাবে ইলিশ আহরণ নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সংশ্লিষ্টদের সহযোগিতায় নির্ধারিত সময়ের অভিযান সফল হলে ইলিশের প্রজনন সুরক্ষা এবং ভবিষ্যতে এ মূল্যবান মৎস্যসম্পদের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।