রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষমতা তারেক রহমানকে দিল বিএনপি | ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শনিবার বিকেলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে প্রার্থী বাছাই ও মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এখন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী কে হচ্ছেন, তা নির্ধারণের সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই নির্ভর করছে।