প্রকাশ: ... | ... | ...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন


সংযুক্ত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন | ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিনন্দন বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানান। একই সঙ্গে জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় কাজে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, নিবিড় সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধনের ওপর প্রতিষ্ঠিত একটি অনন্য সম্পর্ক। অভিনন্দন বার্তায় তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত প্রসারিত হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যকার এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান ভারতের রাষ্ট্রপতি। সবশেষে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ ও সফলভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আর তার শপথের পর ভারতের রাষ্ট্রপতির এই অভিনন্দন বার্তায় দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাই উঠে এসেছে।