প্রকাশ: ... | ... | ...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ


সংযুক্ত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ | ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে আজ সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেট নগরীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তোরণ নির্মাণ ও আলোকসজ্জার পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। একই সঙ্গে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও কিছু সময় বিশ্রাম শেষে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিটি করপোরেশনের আয়োজনে সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নাগরিক সংবর্ধনা শেষে রাত ৮টার দিকে রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে পুরো নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ জানিয়েছে এসএসএফ জেলা প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতিকে বরণ করতে নগর ভবন এলাকাতেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে এখন উৎসবের আমেজ। তাকে স্বাগত জানাতে প্রস্তুত নগরবাসী।