লিফট রেখে হেঁটে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে তারেক রহমান | ছবি: সংগৃহীত
লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা কর্মকর্তা এবং নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ষষ্ঠ তলায় যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কৃষি উৎপাদন, কৃষকদের বিভিন্ন সমস্যা এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সামনে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া কৃষি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের উৎপাদন কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে কৃষি খাতের উন্নয়নে করণীয় নিয়েও প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।