প্রকাশ: ... | ... | ...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন


সংযুক্ত ছবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন | ছবি: Collected

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বিজিবি সদর দপ্তর। এ লক্ষ্যে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে ধারণ করা লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ বিশেষ তৎপরতা বিজিবির।