সব ধর্মের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও ধর্মীয় অনুষ্ঠান তাঁদের হৃদয়ের খুব কাছের। তাই অন্যের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি সবার সম্মান প্রদর্শন করা উচিত। শুক্রবার রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি শব্দটি ব্যবহার করা উচিত। কারণ, বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। তিনি আরও বলেন, আমরা কেউ এখানে সম্প্রদায় হতে আসিনি। দেশের আইনকানুনেও কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করা হয়নি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকেই সমান অধিকারের অধিকারী। ধর্মীয় স্বাধীনতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে ধর্মচর্চা, উপাসনালয় প্রতিষ্ঠা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। তাই সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও উৎসব পালনের অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। এবারের দুর্গাপূজার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, দেশে এবার সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ সরকারি বরাদ্দ এবং সর্বোচ্চ ছুটি রয়েছে। ধর্মীয় উৎসবের আনন্দ যেন সবাই নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং বনানী ও গুলশান এলাকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সব ধর্মের মানুষের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বানও উঠে এসেছে তাঁর বক্তব্যে।