সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর | ছবি: সংগৃহীত
বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ অবস্থায় সৌদি কোম্পানিগুলো সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করলে তা দুই দেশের জন্যই লাভজনক হবে। এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে উন্নীত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী। তিনি জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।