স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট বিল পাস | ছবি: সংগৃহীত
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করতে জাতীয় সংসদে পাস হয়েছে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’। সোমবার ১৬ নভেম্বর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে বিলটি পাস হয়। তবে বিলটি পাসের আগে এর বিভিন্ন দিক নিয়ে আপত্তি ও সংশোধনী প্রস্তাব তোলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। নোয়াখালী-৬ আসনের আবদুল হান্নান মাসউদ, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানাসহ ১৪ জন সংসদ সদস্য বিলটি জনমত যাচাইয়ের দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, এ আইনের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়া নয়। বরং যারা এতদিন সরকারি ক্রয়ে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এর লক্ষ্য। এ জন্য পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। বিলের মাধ্যমে সরকারি ক্রয়ে দেশীয় শিল্পের সুরক্ষা, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া টেকসই ক্রয় নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌত সেবার মূল্যায়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটেড ক্রাইটেরিয়া পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতি আধুনিকায়ন, সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ এবং পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান আরও স্পষ্ট করার উদ্যোগ রয়েছে। দেশের জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার বিধানও রাখা হয়েছে সংশোধনীতে। অন্যদিকে কার্যকর সংসদ থাকা সত্ত্বেও রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। জবাবে অর্থমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির বিধান রয়েছে এবং বিলটি সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই পাস হচ্ছে। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছিল। পরে গত ৯ নভেম্বর অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়। এবার সংসদে দ্বিতীয় সংশোধনী বিল পাসের মাধ্যমে সরকারি ক্রয়ব্যবস্থায় নতুন বিধান যুক্ত হলো। সরকারের আশা, এসব পরিবর্তনের ফলে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়বে, সুযোগের সমতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।