স্বচ্ছতা নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি | ছবি: সংগৃহীত
বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার ৬ অক্টোবর ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে। রোববার ৪ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। এই বদলি কার্যক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন। আইন মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে। মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।