প্রকাশ: ... | ... | ...

হজযাত্রায় খরচ কমাতে টিকিটের মূল্য নামল ১ লাখ ৩০ হাজার টাকায়


সংযুক্ত ছবি

হজযাত্রায় খরচ কমাতে টিকিটের মূল্য নামল ১ লাখ ৩০ হাজার টাকায় | ছবি: সংগৃহীত

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে ২০২৬ সালের হজের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী জানান, ২০২৬ সালের হজে বিমান টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগে প্রতি টিকিটে ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে হাজিদের ভ্রমণ ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ পালন নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি হাজিদের আবাসন ব্যয় কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, বাংলাদেশের মোট হজযাত্রীর প্রায় ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।