প্রকাশ: ... | ... | ...

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী


সংযুক্ত ছবি

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কৃষিমন্ত্রী | ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। মঙ্গলবার বিকেলে হাসপাতালটি পরিদর্শনে গিয়ে বাথরুম ও আশপাশের ময়লা-আবর্জনা এবং অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি নিজেই বাথরুম ক্লিন করব।’ পরিদর্শনের ভিডিওটি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন কৃষিমন্ত্রী। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, হাসপাতালের বাথরুমগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এবং দুর্গন্ধ বের হচ্ছে। একেকটি ফ্লোরে ছয়টি করে বাথরুম থাকলেও পাঁচটিই অকেজো। টাইলস অপরিষ্কার, ফ্যানেও জমেছে ময়লা। মন্ত্রী বলেন, শুধু নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করলেই পরিস্থিতির উন্নতি সম্ভব। এমন পরিবেশে রোগীরা কীভাবে বাথরুম ব্যবহার করবেন—সে প্রশ্নও তোলেন তিনি। তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মচারীদের দ্রুত হাসপাতালের বাথরুম ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার কঠোর নির্দেশ দেন। এমনকি প্রয়োজন হলে নিজেই পরিষ্কার করার কথা জানান। মন্ত্রী বলেন, সুন্দর অফিসে বসে নিয়মিত সভা করা হলেও হাসপাতালের বাথরুম যদি ব্যবহারের অনুপযোগী থাকে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্ত্রীর এমন ক্ষোভের পর হাসপাতালজুড়ে তোড়জোড় শুরু হয়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ রয়েছে। মন্ত্রীর আকস্মিক পরিদর্শন এবং কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন রোগী ও স্বজনরা। একই সঙ্গে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।