২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই | ছবি: সংগৃহীত
২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামীকাল ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, যা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, মডেল মসজিদ কিংবা ঢাকা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এবারের হজে ১৫ বছরের কম বয়সী কেউ অংশ নিতে পারবেন না। এছাড়া হৃদরোগ, কিডনি, লিভার ও ফুসফুসের জটিল রোগ, ক্যান্সারের চিকিৎসাধীন রোগী, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ কেন্দ্র, টিকাদান জেলা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।