২৬ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু | ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এদিকে ঢাকা-দাম্মাম রুটে গত বুধবার থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ঢাকা-দাম্মাম রুটে ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ সময় প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। এ ছাড়া ঢাকা-জেদ্দা রুটের ফ্লাইট সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।