প্রকাশ: ... | ... | ...

৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত


সংযুক্ত ছবি

৩১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত | ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং চলমান বিমান হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। অন্যদিকে, ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে বাংলাদেশেও ফিরতে পারবেন তাঁরা। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। পরে স্থগিতের সময়সীমা বাড়ানো হয়। পরবর্তী সময়ে ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানানো হলেও তা এক দিন পিছিয়ে ২২ অক্টোবর নির্ধারণ করা হয়। সেই সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল আটটার দিকে একটি ফ্লাইট ঢাকা থেকে দাম্মামে পৌঁছায়। তবে বুধবার রাতের হামলার পর নতুন করে দুই রুটে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি দুই রুটে ফ্লাইট স্থগিতের তৃতীয় দফার সিদ্ধান্ত। পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার এবং বিমানের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।