প্রকাশ: ... | ... | ...

৪০তম ফোবানা কনভেনশনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী


সংযুক্ত ছবি

৪০তম ফোবানা কনভেনশনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এই মহাসম্মেলন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন। ৪ সেপ্টেম্বর বিকেলে সম্মেলনের উদ্বোধনী আয়োজন শুরু হবে। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বাংলাদেশ কনসাল জেনারেলসহ ফোবানা ও আয়োজক কমিটির নেতারাও বক্তব্য দেবেন। সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুরে লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সেখানে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্বেও অংশ নেবেন তিনি। এ সময় ফোবানার নেতৃবৃন্দের সঙ্গে বক্তব্য রাখার কথা রয়েছে মন্ত্রীর। সফরকালে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসীদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।