প্রকাশ: ... | ... | ...

৯ বৈঠকে ৬ বিল পাস, শেষ হলো সংসদের তৃতীয় অধিবেশন


সংযুক্ত ছবি

৯ বৈঠকে ৬ বিল পাস, শেষ হলো সংসদের তৃতীয় অধিবেশন | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবসে মোট ৯টি বৈঠকে এই অধিবেশনে ছয়টি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলে। অধিবেশনে মোট ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে। আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি তৃতীয় অধিবেশনে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ দেন। ৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং ১৪টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আর ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য দেওয়ার জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। এ ছাড়া ১৪৭ বিধিতে দুটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে একটি নোটিশের ওপর আলোচনা হয়েছে। ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য পাওয়া যায় ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ। এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। ছয়টি বিল পাস, সংসদীয় কমিটি গঠন-পুনর্গঠন এবং প্রশ্নোত্তরসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।