রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিল বিএনপি | ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করেন। আজই নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয় তার ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করবে। এরপর ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে। এরপর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হবে। এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার তার মনোনয়নপত্রও জমা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত একাধিক প্রার্থী থাকলে প্রায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোটের মুখোমুখি হবে দেশ। উল্লেখ্য, মির্জা ফখরুল ২০১৬ সালে বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বিএনপির নেতৃত্ব দিয়েছেন।