প্রকাশ: ... | ... | ...

কেরানীগঞ্জে নকল প্রসাধনী-ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান, জরিমানা ২.২০ লাখ


সংযুক্ত ছবি

কেরানীগঞ্জে নকল প্রসাধনী-ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান, জরিমানা ২.২০ লাখ | ছবি: বাংলাদেশ যুগান্তর

কেরানীগঞ্জে অনুমোদনবিহীন ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি অবৈধ কারখানা সিলগালা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, ওষুধ ও উৎপাদনসামগ্রী জব্দ করা হয়েছে। রবিবার কেরানীগঞ্জের মুসলিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তারাও অংশ নেন। অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নকল ও ভেজাল প্রসাধনী এবং যৌন উত্তেজক ওষুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। আইন লঙ্ঘনের দায়ে ‘চৌধুরাণী আয়ুর্বেদিক’-এর স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিনকে ২ লাখ টাকা এবং আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, অবৈধ যৌন উত্তেজক ওষুধ এবং বিভিন্ন উৎপাদন উপকরণ জব্দ করা হয়। পরে সংশ্লিষ্ট কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সংশ্লিষ্টদের দাবি, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী ও ঝুঁকিপূর্ণ ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। জনস্বাস্থ্য রক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।