গ্যাস সিলিন্ডার লিকেজে টঙ্গীতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩ | ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার, বয়স ৩০ বছর। খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম, বয়স ২৬ বছর এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে ছয় বছর বয়সী শিশু আরিফুল ইসলাম আরাফাত। আরও পড়ুন, বাবুরহাট বাজারে জব্দ করা হলো পচা মাংস ও রঙ মেশানো শুঁটকি বিমান চলাচল থেকে ব্যাংকিং বিপর্যস্ত যুক্তরাষ্ট্র শিশু অধিকার রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ: আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি কক্ষে আগুন দেখতে পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়ারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন ওই তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।