প্রকাশ: ... | ... | ...

প্রশাসনের উদাসীনতায় এসিল্যান্ড অফিসে সেবা নিতে আসা হাজারো মানুষদের কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে


সংযুক্ত ছবি

প্রশাসনের উদাসীনতায় প্রতিদিন এসিল্যান্ড অফিসে সেবা নিতে আসা হাজারো মানুষদের কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে | ছবি: বাংলাদেশ যুগান্তর

স্টাফ রিপোর্টার:আব্দুর রহমান মোল্লা সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। যা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদায় একাকার হয়ে মারাত্মক রূপ ধারণ করে। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এসিল্যান্ড অফিসে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জমি সংক্রান্ত নানা কাজ, বিশেষ করে খাজনা-খারিজ (নামজারি) ও মিস কেসসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসেন। কিন্তু এই কার্যালয়ে যাতায়াতের প্রধান এই রাস্তাটির বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, সাধারণ মানুষের পক্ষে পায়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিন পরিদর্শনে আরও দেখা যায়, রাস্তার পিচ ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্তের গভীরতা ঢাকা পড়ে থাকায় প্রায়শই রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বয়স্ক নারী, পুরুষ ও শিশুদের নিয়ে অফিসটিতে আসা সেবাগ্রহীতারা চরম বিপাকে পড়ছেন। এছাড়া এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন এত গুরুত্বপূর্ণ একটি সরকারি দপ্তরে হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও দীর্ঘদিন ধরে রাস্তাটির এই বেহাল দশা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে যাওয়ার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। জনসাধারণের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত রাস্তাটি সংস্কার বা পুনর্নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।