প্রকাশ: ... | ... | ...

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার


সংযুক্ত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলন গ্রেপ্তার | ছবি: বাংলাদেশ যুগান্তর

ঢাকা রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম মিলন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলার আসামি। পুলিশ জানিয়েছে, এই গ্রেপ্তার কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার সঙ্গে যুক্ত। আজকের কার্যালয়ে উত্তেজনার সঙ্গে এই গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। এদিকে এর আগে বিকেলে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভবনের ছাদ থেকে লাইভে এসে উদ্ধারের আকুতি জানান একজন সাংবাদিক। লাইভে তিনি দাবি করেন, একদল লোক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে, এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন। লাইভে ওই সাংবাদিক বলেন, “আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না।” অন্যদিকে জানা গেছে, দুপুরে চ্যানেলটির ডিজিটাল বিভাগের প্রধানকে চাকরিচ্যুত করার বিষয় নিয়ে কার্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে টিপু আলম মিলন বনানী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।