মানবতাবিরোধী অপরাধ তদন্তে প্রতিটি জেলায় যাবে ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, ক্রসফায়ার এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে দেশের প্রতিটি জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়। জেলা পর্যায়ে গণশুনানির মাধ্যমে এসব অপরাধের অভিযোগ ও ঘটনা চিহ্নিত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা যৌথভাবে দেশের প্রতিটি জেলায় সরেজমিন পরিদর্শন করবে। সেখানে গণশুনানির আয়োজন করে বিভিন্ন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো চিহ্নিত করা হবে। তিনি জানান, গণশুনানিতে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে। চিহ্নিত অভিযোগ ও ঘটনাগুলোর বিস্তারিত তদন্ত শেষে সংশ্লিষ্ট মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এনে বিচার শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মো. আমিনুল ইসলাম। দেশের প্রতিটি জেলায় এ ধরনের তদন্ত ও গণশুনানির উদ্যোগের মাধ্যমে অতীতের মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো সামনে আসবে এবং বিচারের আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।