প্রকাশ: ... | ... | ...

মিরপুর আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


সংযুক্ত ছবি

মিরপুর আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল থেকে বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। এর মধ্যে আশুলিয়া ও মিরপুরে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার ২ নভেম্বর সকাল ১০টার পর আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা প্রথমে অনন্ত কারখানার সামনে জড়ো হন। পরে হামীম কারখানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করতে এসেছিলেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় আশপাশের শিল্পকারখানাগুলোও ফের বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।