মিরপুর বাসস্ট্যান্ডে পুড়ে ছাই রাজধানী পরিবহনের বাস | ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারী দ্রুত নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দুজনের পরিচয় জানা যায়নি। কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। রাজধানীর ব্যস্ত এলাকায় যাত্রী নামানোর পরপরই বাসে আগুন দেওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।