রাজধানীর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম জানান, খবর পাওয়ার প্রায় আট মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে রাত ১০টা ৩৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কাফরুল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনটি দুর্বৃত্তরা লাগিয়েছে কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আগুন কীভাবে লেগেছে তা জানার চেষ্টা চলছে।
ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আগুনের কারণ তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।