ঢাকার কেরানীগঞ্জে চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত গৌরাজ রাজবংশী গৌতমকে (৩৫) আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রোববার কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার মা শেফালী রাণী বর্মনের সঙ্গে জিনজিরা ইউনিয়নের দক্ষিণ মান্দাইল এলাকায় বসবাস করত। অভিযুক্ত গৌতম রাজবংশী তার মায়ের বর্তমান স্বামী। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১ মে বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্ত গৌতম। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয় এবং নির্যাতনের শিকার ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করার পর বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে তা ব্যর্থ হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত গৌরাজ রাজবংশী গৌতমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আটক আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।