কোরআনে বর্ণিত ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া | ছবি: সংগৃহীত
মানুষ মাত্রই ভুল করে। জীবনের চলার পথে জেনে-না জেনে নানা গুনাহে জড়িয়ে পড়ে মানুষ। তাই মহান আল্লাহর কাছে বিনয় ও নম্রতার সঙ্গে ক্ষমা প্রার্থনা করা প্রত্যেক মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হৃদয়ে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শিক্ষা রয়েছে পবিত্র কোরআন ও হাদিসে। পবিত্র কোরআনে হজরত ইউসুফ আলাইহিস সালামের একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা উল্লেখ রয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছ এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ। তুমি আসমান ও জমিনের স্রষ্টা। দুনিয়া ও আখেরাতে তুমিই আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দাও এবং নেককারদের সঙ্গে শামিল করো। দোয়াটি রয়েছে সুরা ইউসুফের ১০১ নম্বর আয়াতে। এ ছাড়া হজরত ইবরাহিম ও ইসমাইল আলাইহিমাস সালাম কাবাঘরের ভিত্তি নির্মাণের সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাঁরা বলেছিলেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করো। আমাদের উভয়কে তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করো এবং আমাদের ইবাদতের নিয়মনীতি শিক্ষা দাও। তুমিই তওবা কবুলকারী ও পরম দয়ালু। এ দোয়া উল্লেখ রয়েছে সুরা বাকারার ১২৭ ও ১২৮ নম্বর আয়াতে। দুনিয়া ও আখেরাতের কল্যাণ চেয়ে পবিত্র কোরআনে আরও একটি বহুল পরিচিত দোয়া রয়েছে। সেখানে বলা হয়েছে, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটি সুরা বাকারার ২০১ নম্বর আয়াতের দোয়া। সুরা আলে ইমরানের ১৯৩ নম্বর আয়াতেও মুমিনদের জন্য রয়েছে ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া। সেখানে আল্লাহর কাছে অপরাধ ক্ষমা, গুনাহ মুছে দেওয়া এবং নেককারদের সঙ্গে মৃত্যু দেওয়ার আবেদন করা হয়েছে। এর পরের ১৯৪ নম্বর আয়াতে আল্লাহর কাছে নবী-রাসুলদের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুত পুরস্কার লাভ এবং কেয়ামতের দিন অপমান থেকে মুক্ত থাকার প্রার্থনা করা হয়েছে। হাদিসেও দোয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানজনক কোনো জিনিস নেই। তাই প্রতিদিনের জীবনে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করা প্রত্যেক মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।