জান্নাতে সবার আগে প্রবেশ করবেন যে তিন শ্রেণির মানুষ | ছবি: সংগৃহীত
জান্নাত প্রতিটি মুমিনের স্বপ্ন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী সুখের আবাস জান্নাতে প্রবেশ করতে চান প্রত্যেক মুসলমান। তবে জান্নাত লাভের জন্য সব সময় বড় কোনো আমলই করতে হবে, এমন নয়। ছোট একটি নেক আমল, হারাম থেকে নিজেকে বিরত রাখা কিংবা দায়িত্বের প্রতি বিশ্বস্ত থাকাও হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বিশেষ তিন শ্রেণির মানুষের কথা তুলে ধরা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) জানিয়েছেন, জান্নাতে অগ্রবর্তী তিন শ্রেণির মানুষ হলেন—আল্লাহর পথে শহীদ, পবিত্রতা ও আত্মসংযম বজায় রাখা ব্যক্তি এবং আল্লাহর ইবাদত সুন্দরভাবে সম্পন্নকারী ও নিজের দায়িত্বের প্রতি বিশ্বস্ত অধীন ব্যক্তি। প্রথম শ্রেণিতে রয়েছেন আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছেন, তাদের মৃত মনে করা যাবে না। বরং তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত এবং জীবিকাপ্রাপ্ত। দ্বিতীয় শ্রেণির মানুষ হলেন যারা আত্মসংযম ও আত্মসম্মান বজায় রেখে জীবনযাপন করেন। অভাব-অনটনেও হারাম উপার্জন, অন্যায় ও অবৈধ কাজ থেকে দূরে থাকেন। হালাল জীবিকার ওপর নির্ভর করেন এবং অযথা মানুষের কাছে হাত পাতেন না। তৃতীয় শ্রেণিতে রয়েছেন দায়িত্বশীল ও বিশ্বস্ত অধীন ব্যক্তি। যারা আল্লাহর ইবাদত যথাযথভাবে পালন করেন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। ইসলামের শিক্ষা অনুযায়ী, মানুষের ছোট কোনো ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। আবার সামান্য মনে হওয়া কোনো গুনাহ ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জান্নাত মানুষের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। জাহান্নামও অনুরূপ। তাই জান্নাত লাভের প্রত্যাশায় প্রত্যেক মুমিনের উচিত ইমান ও তাকওয়া বজায় রাখা, হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের অধিকার রক্ষা করা এবং নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার এবং জান্নাতুল ফেরদাউস লাভের তাওফিক দান করুন। আমিন।