সম্পদ নয়, সম্পর্কই মানুষের আসল সম্পদ | ছবি: সংগৃহীত
মহান আল্লাহ সুরা আনফালের প্রথম আয়াতে ইরশাদ করেন, মানুষ যখন যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে প্রশ্ন করেছিল তখন তাদের জানিয়ে দেওয়া হয় এর ফয়সালার অধিকার আল্লাহ ও তাঁর রাসুলের। এরপরই আসে গুরুত্বপূর্ণ নির্দেশনা—আল্লাহকে ভয় করতে হবে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখতে হবে। এই আয়াতের একটি গভীর শিক্ষা হলো সম্পদের প্রশ্নের সঙ্গে সম্পর্কের বিষয়টিকেও সামনে আনা। অর্থাৎ মানুষের জীবনে সম্পদ গুরুত্বপূর্ণ হলেও পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব এবং আত্মীয়তার বন্ধনের গুরুত্বও অপরিসীম। আজকের সমাজে অনেক মানুষ অর্থ সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় ব্যস্ত। কিন্তু অর্থের প্রাচুর্য থাকলেই যে জীবনে শান্তি আসে এমন নয়। বড় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিংবা বিপুল সম্পদ থাকলেও যদি মা-বাবার ভালোবাসা না থাকে যদি ভাই-বোনের সঙ্গে সম্পর্ক না থাকে কিংবা আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায় তাহলে জীবনের অনেক মূল্যবান নিয়ামত থেকে মানুষ বঞ্চিত হতে পারে। একজন মা সন্তানের জন্য যে দোয়া করেন তার কোনো বাজারমূল্য নেই। একজন বাবার স্নেহ কিংবা বিপদের সময় ভাই-বোনের পাশে দাঁড়ানোর মূল্যও অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। সুরা আনফালের প্রথম আয়াতের প্রেক্ষাপট ছিল গনিমতের সম্পদ। বদর যুদ্ধের পর সম্পদ বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন আল্লাহ তাআলা সম্পদের বিষয়টি আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি মুসলমানদের নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার কথাও বলেছেন। ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বা সিলাতুর রাহিমের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই সম্পদ অর্জনের পাশাপাশি পরিবার ও আত্মীয়তার বন্ধন রক্ষা করাও একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ অর্থ হারালে আবার অর্জন করা সম্ভব। কিন্তু প্রিয় কোনো মানুষকে হারালে তাকে অর্থ দিয়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। একজন মা-বাবা ভাই-বোন কিংবা প্রিয় স্বজনের জায়গা কোনো সম্পদ পূরণ করতে পারে না। তাই জীবনের ব্যস্ততার মাঝেও আমাদের ভাবতে হবে—সম্পদ বাড়ানোর পাশাপাশি আমরা কি সম্পর্কগুলোও ধরে রাখছি? মা-বাবার খোঁজ নিচ্ছি কি না। ভাই-বোনের সঙ্গে যোগাযোগ রাখছি কি না। আত্মীয়তার বন্ধন অটুট রাখছি কি না। কোরআনের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—জীবনে সম্পদের প্রয়োজন আছে। তবে সম্পদের সঙ্গে সম্পর্কের যত্নও জরুরি। কারণ ভালোবাসা পরিবার তৈরি করে আর সুন্দর সম্পর্ক মানুষের জীবনকে অর্থবহ করে তোলে।