প্রকাশ: ... | ... | ...

প্রদর্শনীর মাঝেই মাটিতে লুটিয়ে পড়ল রোবট, শুরু ‘খিঁচুনি’!


সংযুক্ত ছবি

প্রদর্শনীর মাঝেই মাটিতে লুটিয়ে পড়ল রোবট, শুরু ‘খিঁচুনি’! | ছবি: সংগৃহীত

অত্যাধুনিক প্রযুক্তির রোবট। দর্শকদের সামনে নিজের সক্ষমতা প্রদর্শন করছিল সেটি। কিন্তু প্রদর্শনীর মাঝখানেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে শুরু করে অস্বাভাবিক আচরণ। কখনো হাত-পা ছুড়ছে, আবার কখনো শরীর ঝাঁকাচ্ছে—দেখে মনে হচ্ছিল যেন জেদি কোনো শিশু রাগ করে মাটিতে পড়ে আছে! সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট কনফারেন্স ২০২৬’-এ ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা। জানা গেছে, আধুনিক মানবাকৃতির রোবটের সক্ষমতা তুলে ধরতেই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু হঠাৎ রোবটটির রিমোট-কন্ট্রোল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পিঠের ওপর ভর দিয়ে মাটিতে পড়ে যায় রোবটটি। শুরু করে অস্বাভাবিক নড়াচড়া। ঘটনা বুঝতে পেরে দ্রুত ছুটে আসেন রোবটটির পরিচালক ও প্রযুক্তিবিদরা। তারা রোবটটিকে চেপে ধরে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতিকে আরও অদ্ভুত করে তোলে আরেকটি বিষয়—রোবটটির পাওয়ার বা সুইচ সঙ্গে সঙ্গে বন্ধ করা যাচ্ছিল না বলে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে রোবটটির এমন আচরণ দেখে মজা করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, এত আধুনিক একটি রোবটের জরুরি অবস্থায় দ্রুত বন্ধ করার ব্যবস্থা কেন থাকবে না? একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, রোবটটিকে চেপে ধরাই কি সমাধান? এটি বন্ধ করার কোনো সুইচ নেই কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে কেউ কেউ রোবটটির আচরণকে জেদি শিশুর রাগের সঙ্গে তুলনা করেছেন। প্রযুক্তির সক্ষমতা প্রদর্শনের বড় এই আয়োজনের মূল আকর্ষণ হওয়ার কথা ছিল অত্যাধুনিক রোবট। কিন্তু শেষ পর্যন্ত একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে রোবটটির অদ্ভুত আচরণই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।