পৃথিবীর আকাশে নতুন অতিথি মিনি মুন | ছবি: সংগৃহীত
পৃথিবীর আকাশে এখন ঘুরছে দ্বিতীয় একটি চাঁদ! তবে এটি স্থায়ী কোনো উপগ্রহ নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িকভাবে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ। আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি পৃথিবীর কাছাকাছি থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাসে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। তবে এটি চিরদিন পৃথিবীর কক্ষপথে থাকবে না। ডিসেম্বরের শুরুতে পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব কাটিয়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে ঘুরতে শুরু করবে বস্তুটি। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দেয় ২০২৬ কিউকিউ৮। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে শুরুতে একে কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা মহাকাশযানের ভাঙা অংশ বলে সন্দেহ করা হয়েছিল। তবে কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি কোনো মানুষের তৈরি বস্তু নয়; বরং একটি প্রাকৃতিক গ্রহাণু। গ্রহাণুটি প্রথম শনাক্ত করেন হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি। গত আগস্টে তিনি বস্তুটি শনাক্ত করেন। পরে বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে এর গতিপথ ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেন বিজ্ঞানীরা। তাদের তথ্য অনুযায়ী, গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি করছে না। এমনকি এটি কোনোভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ক্ষুদ্র আকারের কারণে বায়ুমণ্ডলেই পুড়ে বা ভেঙে যাওয়ার কথা। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানিয়েছেন, পৃথিবীর আশপাশে এ ধরনের মিনি মুন থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছাকাছি অন্তত একটি এমন মহাজাগতিক বস্তু থাকতে পারে। এদিকে ভবিষ্যতে আরও মিনি মুনের সন্ধান পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। চিলির ভেরা সি রুবিন অবজারভেটরির দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে সৌরজগতের অজানা বহু গ্রহাণু ও মহাজাগতিক বস্তুর সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে পৃথিবীর সাময়িক এই ‘দ্বিতীয় চাঁদ’ মহাকাশ গবেষণায় নতুন আগ্রহ তৈরি করেছে। যদিও ডিসেম্বরের শুরুতেই পৃথিবীর সঙ্গ ছেড়ে আবার সূর্যকে প্রদক্ষিণের পথে ফিরে যাবে ক্ষুদ্র এই গ্রহাণু।