নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডে যাচ্ছেন শাকিব খান ও মিথিলা | ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে বিমানে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। তাদের একসঙ্গে ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। তবে নতুন কোনো সিনেমার শুটিংয়ে নয় বরং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই দেশ ছেড়েছেন এই দুই তারকা। মিথিলার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ইতোমধ্যে তারা নিউইয়র্কে পৌঁছেছেন। বিমানে তোলা ছবির পাশাপাশি অনুষ্ঠানের অফিশিয়াল পোস্টারও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’ এই ক্যাপশনের মধ্য দিয়ে শাকিব খান ও মিথিলার একসঙ্গে নিউইয়র্ক যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম ছিল আগুন। অন্যদিকে মিথিলা অভিনয় করেছিলেন এলিনা চরিত্রে। সেই সিনেমার দুই চরিত্রের নাম উল্লেখ করেই ভক্তদের জন্য দিয়েছেন বিশেষ বার্তা। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিকের আয়োজনে এই অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের তারকাদের উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন শাকিব খান। একই মঞ্চে দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও। ফলে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও অনুষ্ঠানটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। বিমানে পাশাপাশি বসে থাকা শাকিব খান ও মিথিলার ছবি প্রকাশের পর অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছিল, তারা কি নতুন কোনো কাজের জন্য একসঙ্গে দেশের বাইরে যাচ্ছেন? মিথিলার পোস্টে সেই কৌতূহলের উত্তর মিলেছে। আপাতত নতুন সিনেমার শুটিং নয়, ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়াই তাদের নিউইয়র্ক সফরের উদ্দেশ্য।