বশির আহমেদ সম্মাননায় আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম | ছবি: সংগৃহীত
বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অসামান্য অভিনয়গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বরেণ্য অভিনেত্রী শবনম। এবার কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন তিনি। ‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’ আসরে তাকে দেওয়া হবে আজীবন সম্মাননা। বাংলাদেশের সংগীতাঙ্গনে বশির আহমেদের স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৯ সালে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। তার দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে প্রবর্তিত এ সম্মাননা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছর প্রদান করা হয়। মাঝে তিন বছরের বিরতির পর এবার আবারও আয়োজন করা হচ্ছে এই সম্মাননা অনুষ্ঠান। আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী শবনম বলেন, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় বশির আহমেদ গান গেয়েছেন। গানগুলো জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশে তার সঙ্গে একাধিকবার দেখা হয়েছে। বশির আহমেদের নামে প্রবর্তিত সম্মাননা পেতে যাচ্ছেন ভেবে ভালো লাগছে বলেও জানান তিনি। এদিকে শবনমকে আজীবন সম্মাননা দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হোমায়রা বশির ও রাজা বশির। তারা বলেন, শবনম বাংলাদেশের চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাবা বশির আহমেদকে ছাড়া যেমন বাংলাদেশের সংগীতের ইতিহাস রচনা অসম্ভব, তেমনি শবনমকে ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস পূর্ণতা পাবে না। তারা আরও জানান, শবনমের হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তারা আনন্দিত ও কৃতজ্ঞ। উল্লেখ্য, বশির আহমেদের কণ্ঠে গাওয়া অসংখ্য জনপ্রিয় গান আজও শ্রোতাদের কাছে সমাদৃত। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘অনেক সাধের ময়না আমার’, ‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’, ‘ডেকো না আমারে তুমি’, ‘ওগো প্রিয়তমা’, ‘খুঁজে খুঁজে জনম গেল’, ‘যারে যাবি যদি যা’ এবং ‘সজনীগো ভালোবেসে এত জ্বালা কেন বলো না’।