প্রকাশ: ... | ... | ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


সংযুক্ত ছবি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে তাঁর করা চাঁদাবাজির অভিযোগকে ঢালাও মন্তব্য বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন প্রাথমিক তদন্তে সালমান মুক্তাদিরকে এই ঘটনায় ভিকটিমাইজড বা ঘটনার শিকার হিসেবে পাওয়া গেছে। গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি রয়েছে। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। একটি পক্ষের হয়ে কয়েকজন সেখানে দখল নিতে গেলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সালমান মুক্তাদিরের কনটেন্ট তৈরির স্থাপনাটিও ভাঙচুর করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন সালমান মুক্তাদির ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা করেননি। তাঁর কাছে কেউ চাঁদা চেয়েছিল কি না সে বিষয়েও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি। বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে সালমান মুক্তাদিরের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এটি একটি ঢালাও মন্তব্য। তবে সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।