২৫ সেপ্টেম্বর প্রচারিত হবে ঐতিহ্য ও প্রকৃতি নিয়ে ইত্যাদির নতুন পর্ব | ছবি: সংগৃহীত
দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে। মেঘালয় সীমান্তঘেঁষা লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের সবুজ বনানী ও নৈসর্গিক লেক ঘেরা উন্মুক্ত চত্বরে নির্মাণ করা হয় এবারের মূল মঞ্চ। দেশের নানা প্রান্তের লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার ধারাবাহিকতায় এবার জামালপুরকে ঘিরে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সাধারণত রাতের আলোকোজ্জ্বল মঞ্চে ‘ইত্যাদি’র ধারণ কাজ হলেও লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরতে এবার দিনের আলোতেই ধারণ করা হয় অনুষ্ঠান। ধারণকে ঘিরে পুরো জামালপুরেই তৈরি হয় উৎসবের আমেজ। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল দর্শকে পূর্ণ হয়ে যায়। জামালপুরের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে হাজারো মানুষ অনুষ্ঠানে অংশ নিতে আসেন। বিপুল দর্শক সমাগমে অনেকে গাছ ও পাহাড়ের চূড়ায় বসেও অনুষ্ঠান উপভোগ করেন। এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও তসিবা বেগম। ইত্যাদির মাধ্যমেই যাদের টেলিভিশন পর্দায় প্রথম আবির্ভাব হয়েছিল। লিটন অধিকারী রিন্টুর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। অন্য গানটি জামালপুরের পরিচিতিমূলক নৃত্যগীত। মিজান মাহমুদ রাজীব ও সিঁথি সাহার দ্বৈতকণ্ঠে গানটিতে অংশ নিয়েছেন স্থানীয় বাঙালি ও গারো শিল্পীরা। আরও পড়ুন, শিল্পের যন্ত্রপাতি আমদানিতে কমল প্রশাসনিক বাধা ঢাকা - চট্টগ্রামে বাসের ভাড়া বেড়ে ২ টাকা ৭০ পয়সা নিউইয়র্কে তারেক রহমানকে স্বাগত জানাতে হেলাল খানের নেতৃত্বে জাসাস বিএনপি নেতাকর্মীদের ঢল প্রতিবেদন অংশে থাকছে জামালপুরের অর্থনীতি ও সংস্কৃতির প্রতীক নকশিকাঁথা এবং ঐতিহ্যবাহী খাবার মিল্লি বা পিঠালি নিয়ে বিশেষ আয়োজন। পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, প্রত্নসম্পদ এবং দেশের অন্যতম প্রাচীন তুলসীপুর ঘোড়ার হাট নিয়েও থাকছে ভিন্নধর্মী চিত্রায়ন। নদীভাঙনে বাস্তুচ্যুত পরিবার ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়েও থাকছে মানবিক প্রতিবেদন। এছাড়া জামালপুরের চারজন কালজয়ী গুণী ব্যক্তিত্বের অবদান স্মরণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়া ফেরদৌস হাসান বাপ্পী ও ওসনাই খাতুন দম্পতির জীবনসংগ্রামও তুলে ধরা হবে। বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা চীনের সুঝৌ শহর নিয়ে বিশেষ চিত্রায়ন। নিয়মিত নাট্যাংশ ও চিঠিপত্র পর্বের পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপন। সামাজিক অসংগতি নিয়ে নাট্যাংশে উঠে এসেছে ভাইরাল গান, ডিজিটাল ট্রল, অন্ধ ভক্তি, অনলাইন সোলজার, তৈল বিদ্যা প্রশিক্ষণ কেন্দ্র, লাইভ টকের ঝুঁকিসহ সমসাময়িক নানা বিষয়। কেয়া কসমেটিকস লিমিটেডের স্পন্সরকৃত এবং ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।