এইচএসসিতে ফল পরিবর্তনের হার ১১ দশমিক ৪৫ শতাংশ | ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় এ ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট এবং আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেন। এসব বোর্ডে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তন হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফল পরিবর্তনের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা ৪৪ দশমিক ১৯ শতাংশ। ঢাকা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮৫৩ জনের। এ ছাড়া কুমিল্লায় ৩ হাজার ৬৫ জন, বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন এবং চট্টগ্রামে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। অন্যদিকে যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৩ হাজার ৮৬০ জন। এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন শিক্ষার্থীরা। সেই আবেদনের ফল প্রকাশের পর এখন নতুন করে ফল পরিবর্তনের সুযোগ পেলেন ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী।