সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের বর্ষপূর্তি উদযাপন | ছবি: বাংলাদেশ যুগান্তর
বাংলাদেশে সাংবাদিক নির্যাতন আর সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রবাহের সম্পাদক ও প্রকাশক কে.এম. আবুল হোসেন। সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কে.এম. আবুল হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষায় আইন বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা প্রতিরোধেও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম নিরলসভাবে কাজ করে যাবে বলে জানান তিনি। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রাসেল খান, সহসভাপতি মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ আসাদ মন্ডল, ওমর ফারুক, সিফাত প্রধান, মোহাম্মদ জালাল উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আল ইমরান শিপু, নাসিরুল ইসলাম, মোহাম্মদ নাহিদ, সহসভাপতি এম টি রহমান মাহমুদ, শামীমা আক্তার সোনিয়া, জুলিয়া জাহানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সাহেব আলী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল খান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাহিদ মিয়া। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা এবং নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং হলুদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।